আদিবাসী নারী নেত্রীর ওপর হামলার প্রতিবাদ ও সমতল আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আগামীকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করেন আদিবাসী নেত্রী বিচিত্রা তির্কির ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেফতার এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। অন্যথায় বুধবারের লংমার্চ কর্মসূচি থেকে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি জানান, সকাল ৯টায় গোমস্তাপুর উপজেলার আড্ডা মোড় থেকে লংমার্চ শুরু হয়ে ধানসুরা মোড়, নাচোল বাসস্ট্যান্ড, আমনুরা হয়ে বেলা ২টায় চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিসের সামনে সমাবেশ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন : সংগঠনের সাধারণ সম্পাদক কবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক সুষেন কুমার শ্যামদুয়ার, বাসন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, রাবি সভাপতি হেমন্ত মাহাতো, শিপন রবিদাস প্রাণকৃত প্রমুখ।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





