জামালপুরের ইসলামপুর উপজেলায় যুবলীগের এক কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা।গুলিবিদ্ধ যুবলীগ নেতার নাম জুলহাস (৩০) বলে জানা যায়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইসলামপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জুলহাস উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় পুলিশ পৌর এলাকার চর দড়িয়াবাদ এলাকার শ্রী চয়ন চন্দ্র দাশের ছেলে রাখাল চন্দ্র দাশ (১৮) ও একই এলাকার তারা মিয়ার ছেলে আকাশকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, রাতে জুলহাস ইসলামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পৌর এলাকার ফকিরপাড়ার কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে চার/পাঁচজন যুবক জুলহাসের ওপর হামলা করে। পরে তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাসেল, ফকিরপাড়া এলাকার পুতু ফকিরের ছেলে এবং একটি হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডজনখানেক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী রাসেলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ