নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কুতুবদিয়া এলাকায় ২টি মাছধরার ট্রলারে জলদস্যুদের ডাকাতিকালে ৭ জন জেলে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া, ট্রলারের মাঝি-মাল্লাসহ ২১ জনকে অপহরণও করে নিয়ে যায় দস্যুরা।
সোমবার দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ থেকে একশ’কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কুতুবদিয়া এলাকা থেকে ছেড়ে আসা ২টি মাছধরা ট্রলার নিঝুম দ্বীপ ইউনিয়নের জাগলার ঘাটের দিকে ফেরার সময় জলদস্যুরা এ হামলা চালায়।
স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম বাঁশখালী এলাকার মান্নান গ্রুপের জলদস্যুরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ৭ জেলে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ জেলেরা হলেন- উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মো. মহি উদ্দিন (৪০), মো. নুরুল ইসলাম (৪৫), মো. আফছার উদ্দিন (২৪), মো. এমালক সেরাং (৪৫), জাহাজমারা ইউনিয়নের মো. নুর উদ্দিন (৪৫)। বাকি দু’জনের নাম জানা যায়নি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া থানা পুলিশ গুলিবিদ্ধ ৭ জেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুইশ’মণ ইলিশসহ ২১ জন মাঝি-মাল্লা ও জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





