রমজান মাস কুরআন নাজিলের মাস। হজ ছাড়া প্রায় সব ইবাদতই করা হয় এ মহান মোবারকময় মাসে। এ মাসে জাকাত ও সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা হয়ে থাকে।
তাই প্রতি বছরের ন্যায় এবারো ফিতরা নির্ধারণ করেছে এসলামিক ফাউন্ডেশন। গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা।
আজ (বুধবার) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভার পর ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম এই সিদ্ধান্তের কথা জানান।
১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।
এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান।
ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।
গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬০ টাকা, তার আগের বছর ছিল ৬৫ টাকা।
আবদুস সালামের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এসএম





