সর্বশেষ ২৪ ঘণ্টায় (২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ হাজার৬৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

শনিবার (০৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৯১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৬ হাজার ০৪৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের হিসাব অনুযায়ী এই সময়ের মধ্যে রোগটিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী ডেঙ্গুতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

গত ১৮ বছরের হিসাব বলছে চলতি বছরের আগে কখনই বছরজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ায়নি। সেখানে এই বছরের শুধুমাত্র জুলাই মাসেই ১৩ হাজার ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর কিছু করা সম্ভব না হলে অক্টোবর কিংবা নভেম্বরের শেষ পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকতে পারে।

কন্ট্রোল রুমের হিসাব বলছে, শনিবার (৩ আগস্ট) পর্যন্ত আক্রান্ত ২২ হাজার ৯১৯ জনের মধ্যে আগস্টের প্রথম ৩ দিনেই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৬৪৮, জুনে ১ হাজার ৮৬৩, মে মাসে ১৯৩, এপ্রিলে ৫৮, মার্চে ১৭, ফেব্রুয়ারিতে ১৯ এবং জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৭।

কন্ট্রোল রুম জানায়, ঢাকার ভেতরে ১৩টি সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন এবং ভর্তি আছেন ৬৯৩ জন, মিটফোর্ডে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং ভর্তি আছেন ৯৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন এবং ভর্তি আছেন ১৪২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন এবং ভর্তি আছেন ৩৬৪ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন এবং ভর্তি আছেন ২২৬ জন, বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন এবং ভর্তি আছেন ৭২ জন, বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন ২৪ জন এবং ভর্তি আছেন ১৪৩ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন এবং ভর্তি আছেন ৩১৯ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন এবং ভর্তি আছেন ২০১ জন, বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং ভর্তি আছেন ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন এবং ভর্তি আছেন ১৩৪ জন, আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন এবং ভর্তি আছেন ৩৫৮ জন।

ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২১৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ১২৯, খুলনা বিভাগে ২৯, রংপুর বিভাগে ৫৪, রাজশাহী বিভাগে ৬৯, বরিশাল বিভাগে ৬৭, সিলেট বিভাগে ৩১ এবং ময়মনসিংহ বিভাগে ৫২ জন।

এমবি