খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে সোমবার (৩০ মে) দ্বিতীয় দিনের মত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে । এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
সংশ্লিষ্টরা জানান, গাড়ি সিরিয়াল নেওয়া ও টিকেট কাটাকে কেন্দ্র গত ২৬ মে খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রামের নাজিরহাট শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২৯ মে) থেকে নাজিরহাটের পরিবহন শ্রমিকরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশিদ জানান, গতকাল (রবিবার) দুই মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বৈঠকে গাড়ি চালানোর সিদ্ধান্ত হলেও রাতে নাজিরহাটে খাগড়াছড়ি পরিবহন শ্রমিকদের উপর হামলা হয়েছে। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি জানান, দুই শ্রমিক সংগঠনের বিরোধ নিষ্পত্তির জন্য কবে বৈঠক হবে এখনো ঠিক হয়নি।
তবে এ বিষয়ে নাজিরহাট পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বক্তব্য নেওয়া যায়নি।
এমই





