রাজধানীর বিমানবন্দর থানার বলাকা ভবনের সামনে গাড়ি চাপায় শাহজাহান আলী সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহান লালমনিরহাট জেলার খনিয়াজাত গ্রামের সুরুত আলী সরকারের ছেলে। তিনি বিমানবন্দর থানার দক্ষিণখান চাওলা শিয়ালডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলক্ষেত থেকে বাইসাইকেলে করে বিমানবন্দরে দিকে যাচ্ছিলেন শাহজাহান। এ সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
নিহতের ভাই মো. মাসুদ জানান, শাহজাহান উত্তরার ৯নং জোনের ওয়াসার পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন।
এএইচ





