করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।

বুধবার (০৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “এই ফল তৈরির জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে সদস্য করে একটি বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে।”
যাদের জেএসসি ও এসএসসির ফল খারাপ ছিল কিন্তু এইচএসসিতে ভালো প্রস্তুতি ছিল, তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, “কি হতে পারত, সেটা বলার মতো সময় এটা না। বা সুযোগ নেই। এমন অনেক শিক্ষার্থীর হয়ত এইচএসসি পরীক্ষা ভালো নাও হতে পারত বা পরীক্ষা শেষ নাও হতে পারত। তদের জন্যও ভালো হবে। সবার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ০১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

এমবি