বাড্ডায় ধামাইখালে দুই যুবকের উদ্ধারকারী পিকআপ চালককে মৃত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী। ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন পিকআপ চালক সারোয়ার (২৯)। তিনি উত্তর বাড্ডার বাসিন্দা ছিলেন।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, “বিকেল ৫টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সারোয়ারকে উদ্ধার করে।”

জিন্সের প্যান্ট পরা সারোয়ার খালের ঘূর্ণায়মান পাকে পড়ায় ডুবে গেছেন বলে ধারণা করছেন তিনি।

এর আগে পুলিশ কর্মকর্তা জলিল জানিয়েছিলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল।

“এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুই জন ফুটবলটি তুলে আনতে গিয়ে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন।”

পরে ফুটবলটি তুলে আনার জন্য নেমে নিখোঁজ হন সারোয়ার।

এসএম/এমবি