কুমিল্লার বরুড়ায় স্ত্রীকে গলা কেটে হক্যা করেছে তার স্বামী। উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম শাহিনুর (২২)। তার স্বামী দেলোয়ার হোসেন (৩৫)কে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ আটক করেছে।

জানা গেছে, বরুড়া পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা শাহিনুর আক্তারের সাথে ওড্ডা গ্রামের তাবারক হোসেনের পুত্র দেলোয়ার হোসেন এর সাথে ৩ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে দেলোয়ার হোসেন তেমন কাজকর্ম করত না।

এ নিয়ে স্ত্রী শাহিনুরের সাথে প্রায় সময় বাকবিতন্ডা হতো এবং তার শ্বশুর বাড়ী থেকে যৌতুকের টাকা নেওয়ার জন্য প্রায় সময় চাপ প্রয়োগ করত।

এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ চলে আসছে। তাদের সংসারে তাসফিয়া নামে ১ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শাহিনুর বরুড়া সরকারি ডিগ্রী কলেজের এ বৎসর স্নাতক পরীক্ষার্থী ছিলেন। ঘটনার রাত তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়।

ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী শাহিনুর আক্তারকে বসত ঘরে চাপাতি দিয়ে দেলোয়ার হোসেন গলাকেটে হত্যা করে। বাড়ীর লোকজনের আত্মচিৎকারে গ্রামবাসী এসে ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশ খবর দেয়।

থানা পুলিশ নিহতের লাশসহ ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৫, তাং- ৩০/০৬/২০১৫।

এ ব্যাপরে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ