ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেকর কিল্লার পাড় সংলগ্ন এক বাড়িতে হরিণের গোস্তসহ দুই যুবককে  আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) রাতে আবদুল মন্নানের বাড়িতে গোস্ত ভাগাভাগির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মন্নানের ছেলে রাসেল (২৫) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন মাঝির ছেলে জাফর (৩৯)।

মনপুরা থানার ওসি শাহীন খান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক আবদুল মন্নানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এই সময় ৩ কেজি হরিণের গোস্তসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, এই ঘটনায় হালিম, শামসু ও মাসুম নামে আরো তিনজন জড়িত বলে পুলিশকে তথ্য দেন আটককৃতরা।

আটককৃত আসামী জাফর জানান, বদনার চর সংলগ্ন মেঘনায় ৫ জন মাছ শিকারে যাই। এই সময় চর সংলগ্ন নদীর তীরে একটি হরিণ কাদা মাটিতে আটকিয়ে থাকতে দেখি। পরে হরিণটিকে ধরে বাড়িতে নিয়ে এনে জবাই করে গোস্ত ভাগ-বাটোয়ারা করি। জবাইকৃত হরিণের গোস্ত নিয়ে অপর তিনজন হালিম, শামসু ও মাসুম চলে গেলে পরক্ষনে এসে পুলিশ আমাদের আটক করে।

কামরুজ্জামান/এমবি