নেত্রকোনা জেলা শহরের নাগড়া আনন্দবাজার মোড়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সদর উপজেলা যুবদলের সদস্য ও প্রাক্তন ছাত্রদল নেতা অঞ্জন কুমার ভূট্টোকে(৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনা সদর সার্কেল এএসপি মজিবুর রহমান মজুমদার জানান বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। তারা হচ্ছেন- মোটর ম্যাকানিক ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবলু ও দোকান কর্মচারী রিপন।
জানা গেছে, ভূট্টোর সঙ্গে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর বিরোধ চলছিলো। এরই জেরে আনন্দবাজার মোড়ের সাইফুল ইসলাম বাবলুর দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ভূট্টোকে গুলি করে। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর সার্কেল এএসপি মজিবুর রহমান মজুমদার জানান, গুলিবিদ্ধ হয়ে ভূট্টো মারা গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর





