গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে নতুন করে আরও ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ছাড়িয়ে গেলো। একইদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫১৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৩৯ এবং নারী ১৫ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাড়িতে মারা গেছেন পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৯ জন করে, রাজশাহী বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬২ দশমিক ৯৪ শতাংশ।

এমবি