স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন ছেলের হাতের মোয়া নয়। আগামী ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না।’

মঙ্গলবার বিকেলে রাজশাহীর কাটাখালি এলাকায় জুট মিল স্কুল মাঠে ১৪ দলের নাশকতাবিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নাশকতাকারীদের মদদদাতা হিসেবে খালেদা জিয়ারও বিচার হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া ৫০ দিন ধরে গুলশান কার্যালয়ে নাটক করছেন। আরাম আয়েশে বসে হরতাল অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারছেন।’

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজশাহী এখন ১৪ দলের ঘাঁটি। এখান থেকে জামায়াত-শিবির উচ্ছেদ করতে হবে। রাজশাহীর মাটিতে নাশকতার কোনো স্থান নেই। জামায়াত-শিবিরকে দেখামাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বেগম খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেছিলেন। কোনো লাভ হবে না। ক্ষমতায় যাওয়া সহজ নয়।’

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী নির্বাচনের আগে থেকেই রাজনীতির মাঠে হেরে বসে ছিলেন। তাই ৫ জানুয়ারি নির্বাচনকে বাতিলের দাবি তোলেন। শুধু তাই না; সন্ত্রাসী বাহিনী দিয়ে কেন্দ্রগুলোতে পেট্রোল বোমা মেরে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করেছেন। অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহাম্মেদ পলক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েনউদ্দিন আয়েন প্রমুখ।

জেআই