রাঙামাটির রাজস্থলী থেকে গ্রেফতার মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
একই সঙ্গে আগামী ২ নভেম্বর তার বিরুদ্ধে দায়ের করার মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার রিমান্ড শেষে রেনিন সোকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ আদালতকে জানায় জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গত ১৪ অক্টোবর রাজস্থলী উপজেলার ইসলামপুর আদর্শগ্রাম এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রেনিন সোকে আটক করে বিজিবি। এর দেড়মাস আগে একই উপজেলায় অবস্থিত তার বাড়ি থেকে তার এক সহযোগী ও বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করে যৌথবাহিনী। তারাও একই মামলায় বর্তমানে কারাগারে আছেন।
ডা. রেনিন সোর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি মুদ্রা পাচার আইনে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানিয়েছেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেনিন সো। এখন তার কাছে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হতে পারে।
এমকে





