সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসির উদ্যোগে মিরপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম অভিযান পরিচালনা করেন।

অভিযানে ডিএনসিসির মিরপুর সেকশন-২ এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সড়কে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলক ও ব্যানারে বাংলা না থাকায় সেগুলো অপসারণ করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সাইনবোর্ড, বিলবোর্ড অবিলম্বে বাংলা ভাষায় লিখে স্থাপন করার নির্দেশনা দেয়া হয়।

এছাড়া জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সড়কের ওপর নির্মিত রূপনগর আবাসিক এলাকার ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর সড়কের প্রবেশ পথে মোট ছয়টি গেট অপসারণ করা হয়। অভিযান চলাকালে মিরপুর আইডিয়াল কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকার আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে রাজধানীর উত্তরায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এএইচ