নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় শুরু হয়ে এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান জানান, সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যারব ও আনছার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া তিনজন ম্যজিস্ট্রেটের সমন্বয়ে নির্বাচনী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, মোট ৯টি কেন্দ্রে ৫৭টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু চলছে। শনিবার বিকালে ওইসব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের কাছে ব্যালট, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়। সেই সঙ্গে তারা সন্ধ্যার মধ্যেই সেগুলো নিজ নিজ কেন্দ্রে নিয়ে গেছেন। চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।

প্রার্থীরা হলেন- এশরাক হোসেন (মোটরসাইকেল), হারুন অর-রশিদ (আনারস), আব্দুর রাজ্জাক মণ্ডল (তালা) ও ওয়ালিয়ুজ্জামান আসাদুল্লাহ (মাইক)।
ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৬ হাজার ৯শ’ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৫০৮ ও পুরুষ ভোটার ৮ হাজার ৪৬৬ জন।

১০ম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে অংশ নিয়ে চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন তরফদার জয়ী হওয়ার পর শূন্য হয় এই পদটি। এরপর উপ-নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিটি।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই