সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর আজ (২০ জুন) বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকায় দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন। ফেসবুক লাইভে সোহেল তাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার একটি রাইস মিলের কাছে কে বা কারা সৌরভকে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

গত ৯ জুন চাকরির সিভি জমা দিতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৈয়দ ইফতেখার আলম সৌরভ অপহৃত হন। আর অপহরণের ১১ দিন পর ভাগ্নে ইফতেখার আলম সৌরভের সন্ধান পাওয়া গেল।

ওই দিন রাতে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।  

সৌরভ বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম বানাতেন সৌরভ। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

গত শনিবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার ভাগনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

এর আগে সৌরভের বাবা সৈয়দ ইদ্রিস আলম চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় গত ১০ জুন একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত ৯ জুন পাঁচলাইশ আফমি প্লাজার সামনে থেকে দুজন লোক তাকে অপহরণ করে নিয়ে যায়।

এমবি