গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

জানা গেছে, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন সম্মিলিত ব্যবসায়ী সমিতি। এতে শহরের মুদি, মাছ-মাংস, কাঁচা বাজার, কাপড়, স্বর্ণের দোকানসহ সকল দোকান বন্ধ রয়েছে।

এদিকে, শহরের সকল দোকানপাট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কিনতে পারছেন না তারা।

সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাঁড়িয়া বলেন, 'সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ আটজন ব্যবসায়ীকে এক লক্ষ দুই হাজার টাকা জরিমানা করেন। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয় এবং আদালত পরিচালনায় বাঁধা সৃষ্টি করেন।