বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকার ট্রলার ডুবির ঘটনায় ১৭ জেলে নিখোঁজ হয়েছেন। ঝড়ের কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ (শনিবার) সকাল ৯টার দিকে নারিকেলবাড়িয়ায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার এফবি তরিকুল-১ সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় গিয়ে ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১৭ জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ জেলেদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জেলেদের কারো নামও এখনও জানা যায়নি।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি বলেন, সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি ডুবে গেছে খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা ১৭ জেলেও নিখোঁজ রয়েছে। ট্রলারটির মালিক পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো: ছগির হোসেন।
ট্রলার মালিক ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে ও ট্রলার উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
এমবি





