রংপুরের মিঠাপুকুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ১৩লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে পাঁচ ছিনতাইকারী। সোমবার (১৯সেপ্টেম্বর) উপজেলার গোপালপুরের শাল্টিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জের ছোট উজিরপুর গ্রামের দুলা মন্ডলের ছেলে মো. হাফিজার রহমান মন্ডলকে (৩২) একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ডিবি পুলিশের পরিচয় দেয় পাঁচ ছিনতাইকারী। এ সময় তারা হাফিজারের কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে এলাকাবাসির সন্দেহ হলে মাইক্রোবাসটি ও পাঁচ ছিনতাইকারীকে আটক করে পুলিশে খরব দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় হাফিজুরকে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন- ভোলা জেলার দৌলতিয়া এলাকার বাংলাবাজার চালতাতলা গ্রামের মৃত শফিকুর ইসলামের ছেলে সাব্বির আলী (২৪), চাঁদপুর জেলার মতলব উত্তর এলাকার উত্তর ফতেপুর গ্রামের নেওয়াজ আলী প্রধানের ছেলে মহন প্রধান (৩৩), সিরাজগঞ্জ উল্লাপাড়া এলাকার মৃত আব্দুল ওয়াহাব আলীর ছেলে জাহাঙ্গীর (৩৮), বংশালের ডেকলিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে হুমায়ুন কবীর (৩৫) ও মাদারীপুর জেলার সিরখাজা এলাকার এসকান হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৩৫)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ও মিঠাপুকুর থানার ওসি মো. হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একসেট ওয়ারলেস, একটি খেলনা পিস্তল, হ্যান্ডক্যাপ, নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ-১১-৫৪৮০) জব্দ করা হয়েছে।


এমএনজে