কুষ্টিয়ায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করার দায়ে উপ-সহকারী প্রকৌশলী স্বামী এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন করাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অন্য দুজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৬ এপ্রিল পরকীয়ার জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এরশাদ তার স্ত্রী শিখাকে কুষ্টিয়া শহরের হাউজিংয়ের নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় গৃহবধূ শিখার বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নিহতের স্বামী এরশাদ, ছোট ভাই ইফতিয়ার হোসেন বিজু ও পরকীয়া প্রেমিকা রাশেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে আদালত বাকি দু’জন আসামিকে বেকসুর খালাস দিয়ে নিহত গৃহবধূ শিখার স্বামী এরশাদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, এ রায়ে নিহত শিখার পরিবার খুশি।
সবুজ/জারিফ





