নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে রবিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য আকরাম শেখকে (৫৬) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্যপাড়ার গ্রামের আব্দুস ছাত্তার শেখের ছেলে আকরাম শেখ রাত ৯টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আকরাম শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ বিশ্বাস জানান, আকরাম শেখের দুটি পায়ের হাড়সহ রগ কেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
এদিকে হামলার খবর শুনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান আকরাম শেখকে দেখতে হাসপাতালে যান এবং হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। -বাসস।
এআই