গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া হিরোর বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
বুধবার সকালে মজনু মিয়া হিরোর বাড়ির লোকজন ঘুম থেকে উঠে কাফনের কাপড়সহ চিরকুটটি টিউবওয়েলের পাশে পড়ে থাকতে দেখেন।
চেয়ারম্যান প্রার্থীর স্বজনরা জানান, মজনু মিয়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে কাফনের কাপড়সহ চিরকুটটি টিউবওয়েলের পাশে পড়ে থাকতে দেখেন। চিরকুটে লেখা আছে, জনগণের অধিকার তো দূরের কথা তোর বেঁচে থাকার অধিকার থাকবে না।
চেয়ারম্যান প্রার্থী মজনু মিয়া হিরো বিষয়টি সুন্দরগঞ্জ থানা পুলিশকে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রয়ারি চার পুলিশ হত্যা ঘটনা মামলার বাদী মজনু মিয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা জামায়াত-শিবিরের লোকজন ৩১ মার্চ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন চেয়ারম্যান প্রার্থীর স্বজনরা।
এমই





