রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১ নারী ও ২ শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় আরও কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় আমিনবাজার কয়লার ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার ফরিদুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান, ৩ টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ নারী এবং ৫-৭ বছর বয়সের ২টি শিশু।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও ৫ জনের মতো নিখোঁজ রয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেছিলেন, সকাল সাড়ে ৬টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর যায়।

তারপরই নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে ডুবুরিরা।

নৌ-পুলিশের আমিনবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর শেখ জানান, বালুবাহী একটি খালি ট্রলারটিতে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়।

ট্রলারে থাকা ১০ জনকে উদ্ধার করা হয় জানিয়ে তিনি সকালে বলেছিলেন, এখনও ৭ থেকে ৮ জন নিখোঁজ রয়েছেন।

এইচএন