বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-এমরান খন্দকার সাময়িক বরখাস্তের এই আদেশ জারি করেন।চাকুরিচ্যুত প্রধান শিক্ষকের নাম হোসেন আলী।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলীর বিরুদ্ধে স্থানীয় অভিভাবকরা লিখিত অভিযোগ করেন। গত সোমবার (১ জানুয়ারী) এ অভিযোগের প্রেক্ষিতে তদন্তে যান সদর উপজেলা প্রাথমিক অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা বেগম ও আশরাফুজ্জামান। তদন্তে তারা অভিযোগের সত্যতা পায়।

এতে প্রধান শিক্ষক হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে ২ জানুয়ারি প্রতিবেদন দাখিল তদন্ত কর্মকর্তারা।

এ বিষয়ে কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত বরখাস্তের আদেশের কপি পাননি বলে দাবি করেন।

বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা সদর থেকে বিদ্যালয়ে বই আনা ভাড়ার টাকা বাবদ শিক্ষার্থীদের নিকট থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। অন্য সহকারী শিক্ষকদের পরামর্শে এই টাকা নেওয়া হয় বলে জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-এমরান খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত আদেশ ওই শিক্ষকের নিকট পাঠানো হয়েছে।

নুরনবী/জারিফ