কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষককে নরসিংদী জেলা সদরের মাধবদি এলাকা থেকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। আটক বিপুল মিয়া ওরফে জাহিদ (২১) একই এলাকার মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেব কুণ্ডু গ্রামের আবুল আজাদ ও তার স্ত্রী ১৭ সেপ্টেম্বর শনিবার পার্শ্ববর্তী দলদলিয়া ইউনিয়নে দাওয়াত খেতে যায়। এসময় বাড়ির উঠোনে একা খেলা করছিল তাদের শিশু কন্যা ও সাকসেস রেসিডেনসিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। এ সুযোগে একই এলাকার জাহিদ ওই ছাত্রীকে ফুসলিয়ে তার ফুফুর পরিত্যাক্ত বাড়ির রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক বিপুল মিয়াকে গ্রেফতার করে। ধর্ষকের বাবা ও চাচা উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে বিপুলকে পালাতে সাহায্য করে।
পরে ধর্ষক নরসিংদী জেলার মাধবদি এলাকায় পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার (১৯ সেপ্টেম্বর) মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানার এসআই মনিরুজ্জামান রকি নরসিংদী মডেল থানার সহায়তায় গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে উলিপুর থানায় নিয়ে আসেন।
উলিপুর থানার ওসি এস কে আব্দুল্লা আল সাইদ জানান, ধর্ষক বিপুল মিয়া ওরফে জাহিদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এসএ





