বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকে হত্যা চেষ্টায় গুলি চালিয়ে ও কুপিয়ে জখম করেছে একদল দুবৃত্ত।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার চিংড়াখলী ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘটনাটি ঘটে।

আহত চেয়ারম্যান মাষ্টার মো.আলী আক্কাস বুলুকে (৫৫) প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকগণ তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে উপজেলার চিংড়াখালী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও এলাকার ধরাধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আক্কাস বুলু (৫৫) গ্রাম পুলিশ মতিউর রহমানকে সঙ্গে নিয়ে মোরেলগঞ্জ সদরে যাবার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হন।

এসময় তার বাড়ি সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের পেছনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে গ্রাম পুলিশ মতিউর রহমানকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে রেখে আত্মরক্ষায় দৌড়ে পলায়নরত চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় দুর্বৃত্তরা লোহার রড, হাতুড়ি ও রামদা দিয়ে কুঁপিয়ে এবং পিটিয়ে চেয়ারম্যানকে জখম করে। হামলাকারী সন্ত্রাসীরা তাকে কুঁপিয়ে জখম করাসহ পিটিয়ে তার দু’পা ও ডান হাত ভেঙ্গে দেয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকগণ তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সন্ত্রাসী হামলায় আহত চেয়ারম্যান মাষ্টার আলী আক্কাস বুলুর বড় ভাই মো. আলমগীর তালুকদার জানান, ইউপি নির্বাচনের জের ধরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কালাম খান ও তার সহযোগী খবির খান ও লুৎফর খানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের ওপর এ হামলা চালায়।

চিংড়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ধরাধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো. আলী আক্কাস বুলু সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নিবাচিত হন।

ঐ ইউপির নির্বাচন ও স্থানীয় আওয়ামীলীগের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল খানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন জানান।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। তবে চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার বিষয়টি সত্য নয় বলে তিনি জানান।

এমআইএস