পাচারের শিকার হওয়া এক বাংলাদেশি কিশোরীকে ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে এ খবর বেরিয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন সন্দেহভাজন দুই দালাল। তাঁদের একজন বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া ওই কিশোরীর পরিচয় স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া দু'জন হলেন- বাংলাদেশের মহম্মদ সাজু ও পশ্চিমবঙ্গের আল আমিন মোল্লা। তাঁরা নারী পাচারের দালাল। ভারতে চাকরি দেওয়ার কথা বলে ওই কিশোরীকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সীমান্ত পার করেন সাজু। এরপর তাঁকে রাখা হয় উত্তর ২৪ পরগনা জেলার আল আমিনের কাছে।

গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বসিরহাট থানার বোর্ডঘাট সংগ্রাম সেতুর কাছ থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই দালালকে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই দুই দালাল তাদের জানিয়েছেন, ওই কিশোরীকে এক লাখ রুপিতে বিক্রির জন্য তাঁরা মুম্বাই নিয়ে যাচ্ছিলেন।

কেএইচ