মানিকগঞ্জে চলন্ত বাসে জন্ম নিল ফুটফুটে জমজ কন্যা। সন্তান প্রসবের পর ওই বাসে করেই প্রসূতিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সংযোগ সড়কে অভিনবভাবে সন্তান প্রসবের এ ঘটনা ঘটে।

প্রসূতির নাম সাহেদা খাতুন (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুসুডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম বাবুর স্ত্রী।

সন্তান প্রসবের জন্য ঢাকার ভাড়া বাসা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথিমধ্যে জমজ কন্যার জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ আছেন।

প্রসূতির ভাই এনামুল হোসেন জানান, সাহেদার ১৬ ও ১৩ বছরের আরও দুটি মেয়ে আছে। তার স্বামী মো. বাবু সংগ্রাম পরিবহনের ব্যবস্থাপক হিসেবে চাকরি করার সুবাদে সপরিবারে রাজধানী ঢাকার দারুস সালাম এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে।

এনামুল হোসেন আরো জানান, জানুয়ারির প্রথম সপ্তায় গর্ভবতী সাহেদার সন্তান প্রসবের তারিখ নির্ধারণ করেছিলেন চিকিৎসকরা। তাই একটু আগে-ভাগেই গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটখেলঘাটা উপজেলার মিঠাবাড়ি যাচ্ছিলেন সন্তান প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

এনামুল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সাহেদা, মেজো বোন সালমা ও ভাগ্নিকে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে ওঠেন। কিন্তু চলন্ত বাসেই সাহেদার প্রসব বেদনা শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের কাছে পৌঁছালে বাসের ভেতরই জমজ সন্তান প্রসব করেন সাহেদা।

এ সময় স্বজন ও যাত্রীদের অনুরোধে নবজাতক ও প্রসূতিকে বাসে করেই শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আরশাদ উল্লাহ জানান, নবজাতক ও মাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা উভয়ই সুস্থ আছেন। স্বজনরা চাইলে ছয় ঘণ্টা পরেই তাদের বাসায় নিয়ে যেতে পারবে।

এমএইচ