সড়ক-মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজি ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে বরগুনাসহ বরিশাল বিভাগের সকল জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। বরিশাল বিভাগে চলাচলরত অভ্যন্তরীণ দূরপাল্লার সকল বাস ধর্মঘটের অন্তর্ভুক্ত থাকবে।

বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের আহ্বানে বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বরগুনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা মো. সাহাবুদ্দিন সাবু বলেন, বরগুনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ ও বরিশাল রুটে বাস সার্ভিস চালু করি।

কিন্তু একটি অসাধু চক্র বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনের নামে আমাদের বাস থেকে চাঁদা তুলছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করি। প্রশাসনের দ্বারস্থ হয়েও আমরা কোনো সমাধান পাইনি। তাই আজ বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘটের আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক শাহিন জানান, একটি অবৈধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বরিশাল বিভাগের বেশ কয়েকটি সড়ক মহাসড়কে বাস থেকে চাঁদাবাজি করে আসছে।

প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। দিনের পর দিন এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। তাই চাঁদাবাজি বন্ধে আমরা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি।

আমাদের দাবি মেনে নিয়ে সড়ক-মহাসড়কে চাঁদাবাজী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা ধর্মঘট প্রত্যাহার করবো না বলেও জানান তিনি।

জেড