আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১০ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করেছে। তাদের থাকা খাওয়াসহ সব ধরনের দায়িত্ব গ্রহণ করেছে। প্রতিটি দুস্থ মুক্তিযোদ্ধার জন্য আবাসন ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। ইতোমধ্যে ৪০ হাজার পরিবারের জন্য বাড়ি তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

এসময় মন্ত্রী বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তাদের মুখে বাংলাদেশ, কিন্তু অন্তরে পাকিস্তান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেন। খুনিদের যাতে বিচার না হয় সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন।’ ’

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।

এমএ