নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে সময় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব হোসেন জানায়, ঢাকাগামী গরুবাহী একটি পিকআপের সঙ্গে সিলেটগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা গরুর মালিক হাবিব, পিকআপ চালক রাজু নিহত হন। মুমূর্ষু অবস্থায় পিকআপের হেলপার জুলহাসকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় পিকআপে থাকা দুটি গরুও মারা যায়।

এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কটি আধাঘণ্টা ধরে বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে ও আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও বাসটি সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত গরু ব্যবসায়ী হাবিব নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামের রকিবউদ্দিনের ছেলে। নিহত পিকআপ চালক রাজু ও হেলপার জুলহাসের বাড়িও নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেএইচ