দুইদিন পর চার লাগেজ ফিরে পেলেন ইটালিয়ান প্রবাসী এক বাংলাদেশি।
শুক্রবার রাত ১০ টার দিকে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিস থেকে তার লাগেজগুলো অক্ষত অবস্থায় বুঝে নেন। বুধবার জসিম উদ্দীন ইটালি থেকে বাংলাদেশে আসেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্তব্যরত সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, দুইদিন আগে ইটালিয়ান প্রবাসী কুমিল্লার নাগরিক জসিম উদ্দীন দেশে আসেন। শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেয়ার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। পরে তার লাগেজ না চিনতে পেরে চলে যান।
এপিবিএন সদস্যরা লাগেজগুলো পাওয়ার পর অফিসে নিয়ে যান। লাগেজের উপর একটি নম্বর ছিল কিন্তু নম্বরের আগে শূন্য না থাকার কারণে অনেকেই এটি নম্বর না বলে মনে করেছিল।
তিনি বলেন, পরবর্তীতে শূন্য লাগিয়ে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর শুক্রবার সকালে ফোন দিলে সেটিতে কল যায় এবং জসিম রিসিভ করেন। তাকে লাগেজ পাওয়ার কথা জানালে কুমিল্লা থেকে রাতে এসে লাগেজগুলো বুঝে নেন।
জসিম উদ্দীন বলেন, ‘আমি ইটালিতে দীর্ঘদিন ধরে থাকি। বাংলাদেশের পুলিশের ভালো মন্দ অনেক খবরই পায়। কিন্তু আজ বাস্তবে প্রমাণ পেলাম বাংলাদেশের পুলিশও ভালো।’
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





