মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামের ডাকাতের জনপদ হিসেবে পরিচিত নুরুইতলী ফের উতপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি রাতের অন্ধকারে হাত-পা বেধে পথচারীদের কাছ হতে টাকা পয়সা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে এলাকার লোকজন।

এক সময় এই স্থানে বারবার ডাকাতি ও বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পর গাছে ঝুলিয়ে রাখার দৃশ্য আর বর্তমানের ঘন ঘন ছিনতাই এ অঞ্চলের মানুষের মনে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।

টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী-কামাড়খাড়া রাস্তার যশলং ইউনিয়নের বিশাল কয়েকটি গাছ ও পুকুর ঘেরা নির্জন স্থানের নাম নুরুইতলী। এ স্থানটিতে বড় বড় গাছ ও পুকুর এবং চারপাশে বসতি না থাকায় ডাকাতরা সহজেই এ পথে চলাচলকারী লোকজনের নিকট হতে জিনিসপত্র ছিনিয়ে নিতে পারে।

সম্প্রতি এই স্থানে হাত-পা বেধে প্রায় ১৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়া এ অঞ্চলে প্রত্যক্ষ দিবালোকে অবৈধ অস্ত্রের মহড়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে এ অঞ্চলের লোকজন।

গত ১৩ জুন সকালে যশলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান এবং ১৪ জুন ইস্ট্রেট ইউনিভারসিটি অফ বাংলাদেশ এর এলএলবির ছাত্র আরিফ হোসেনের উপর অবৈধ অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোখলেছুর রহমান বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমানে যশলং এলাকায় নতুনভাবে একটি সন্ত্রাসী চক্রের সৃষ্টি হয়েছে, যারা নুরুইতলী এলাকায় ছিনতাই এবং তার পাশের যশলং গ্রামে অবৈধ অস্ত্রের মহড়া দিচ্ছে।

মোখলেছুর রহমান ও আরিফ হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশলং গ্রামের সাইফুল, কাজল দেওয়ান, জুয়েল খালাসী, কালাম খালাসী, আওলাদ তাদের উপর পিস্তল নিয়ে হামলা চালায়। এ সময় আরিফকে পিস্তল ঠেকিয়ে রেখে মারধর করা হয়। পরে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে চলে যায় ওই সন্ত্রাসীরা।

যশলং গ্রামের কাদির রাঢ়ী জানান, আমি কিছুদিন আগে রাতে টঙ্গীবাড়ী হতে আসার পথে নুরুইতলী এলাকায় ১০-১২ জন আমার পথ রোধ করে অস্ত্র ঠেকিয়ে আমার কাছ হতে ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমাকে হাত-পা বেধে ফেলে রেখে যায়।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) তদন্ত খলিলুর রহমান জানান, ছিনতাইয়ের ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ