কয়েকদিন আগের ঘটনার বাতাস ঠান্ডা হতে না হতে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীর সুবর্ণচরে। এবার ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউপির দক্ষিণ চরমজিদ গ্রামে স্কুলের পাশে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ভিকটিমের চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে।
ভিকটিমের ভাই বাদী হয়ে রাতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একই গ্রামের ধর্ষক ইসরাফিল আজাদ খোকন ও মো. নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, সুবর্ণচর উপজেলায় পূর্বচরবাটা ইউপির দক্ষিণ চরমজিদ গ্রামের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ওই ছাত্রী। চরমজিদ বাঙালি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দোকানে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিল সে। এ সময় ওতপেতে থাকা ইসরাফিল আজাদ খোকন ও মো. নিজাম উদ্দিন ভিকটিমকে গতিরোধ করে। তারা ভিকটিমকে রাস্তার পাশে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে। ধর্ষকদের আদালতে পাঠানো হলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।
চরজব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, একই উপজেলায় চর জুবলী ইউনিয়নের মধ্যম চরবাগ্গা গ্রামে ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে প্রার্থীকে ভোট দেয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালকের স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। অপরদিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে ইউপি যুবদলের নেতার অনুপস্থিতিতে তার স্ত্রীকে একই ইউপির যুবলীগ নেতাসহ ৫-৬ জন ১৮ জানুয়ারি ধর্ষণ করে।
জেড





