প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। রবিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিতরণ কর্মসূচি শুরু হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের- ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরে রাজধানী ঢাকার দু’টি সিটি করপোরেশন ও দেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রামে বিতরণের কাজ শুরু করা হবে। তারপর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮,১০,৫৮,৬৯৮ নাগরিকের মধ্যে প্রথমবারের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক কার্ড ওই পরিচয়পত্র নকল করেছিলো। মেশিন রিডেবল স্মার্ট কার্ড এই ধরণের জালিয়াতি প্রতিরোধ করবে।
সূত্র: বাসস





