রাজধানীর কদমতলীর পূর্ব দোলাইরপাড় এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে গিয়ে এই ঘটনা ঘটে।

মিজি আক্তারের স্বামী মো. ফারুক দেওয়ান। তিনি ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুরে গেছেন।

মিজি আক্তারের ভগ্নিপতি মো. খোরশেদ আলম বলেন, দোলাইর পাড়ের ১ নম্বর গলি এলাকায় একটি টিনশেডের বাড়িতে ফারুক ও মিজি ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে বাসার সামনে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে গিয়ে মিজি বিদ্যুৎ স্পৃষ্ট হন। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজির লাশ জরুরি বিভাগের লাশঘরে রাখা হয়েছে বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

ইআর, এমএইচ