চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মো. করিম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. রুবেল নামে অপর এক পুলিশ কনস্টেবল।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত করিম রাঙামাটি সদর থানায় কর্মরত ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ছোট ভাই। একই থানায় কর্মরত আহত রুবেল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, করিম ও রুবেল মোটরসাইকেলে বাঁশখালী যাচ্ছিলেন। দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক করিম মারা যান।


এমএনজে