কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরও একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৪নারী, ৪ শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।
আজ (সোমবার) ভোররাত ৪টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোররাত ৪টার দিকে সাগরে ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় ৮টি লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।
নুরুল আমিন বলেন, জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু। উদ্ধার হওয়া লাশ ৮ টি শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে রাখা হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মাধ্যমে তাঁরা রোহিঙ্গাবাহী ১টি নৌকা ডুবে যাওয়ার খবর জানতে পেরেছেন।
এমবি





