ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশে মঙ্গলবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে মহাসড়কে যানবাহন খুবই কম চলাচল করছে। তবে চন্দ্রা ত্রিমোড়ে যানবাহনের কিছুটা চাপ রয়েছে।

এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ওই মহাসড়ক দুটিতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

মহাসড়কে যানবাহন কম থাকলেও জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। অনেক যাত্রীকে বাসের জন্য অপেক্ষায় না থেকে ট্রাক বা টেম্পোতে গন্তব্যের পথে পাড়ি জমাতে দেখা গেছে।

এদিকে জেলার বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের মঙ্গলবার দুপুরে বেতন ও বোনাস দেওয়ার কথা রয়েছে বলে কয়েকজন শ্রমিক জানিয়েছেন। তাই দুপুরের পর ওই এলাকার শ্রমিকদের অনেকেই গাজীপুর ছাড়বেন বলে জানান তারা। ফলে দুপুরের পর থেকে মহাসড়কে ফের যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

তবে যানজট নিরসনে মহাসড়কে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন।

এমকে