খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পচাঁ মিষ্টি সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ মুড়ি রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মহানগরীর ফুলবাড়িগেটে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুল ইসলাম।
মিষ্টির দোকান এছাড়া একটি ফলের দোকান থেকে পাঁচ মন পঁচা আম বিনষ্ট করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফুলবাড়িগেটে অভিযান চালানো হয়। এ সময় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারে অভিযানকালে মিষ্টি তৈরির কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় পচা মিষ্টি ও মিষ্টির রস সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। মিষ্টি তৈরির জন্য সংরক্ষিত পঁচা ছানাও পাওয়া যায়। মিষ্টি রাখার পাত্রগুলো দীর্ঘ দিন পরিস্কার করা হয়নি। কারখানার পরিবেশ ময়লা ও অস্বাস্থ্যকর। এছাড়া দোকানটিতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা নেই । এসকল অপরাধে কারখানার মালিক শিবপদ ঘোষকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও ফুলবাড়িগেট বাজারে একটি ফলের দোকান থেকে পাঁচ মন পচা আম বিনষ্ট করা হয়। দুটি দোকানে মেয়াদ ছাড়া প্যাকেট মুড়ি রাখার জন্য চার হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেন।
ওএফ





