রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে মো. সাইফুল (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে হাত-পা বাঁধা অবস্থায় সাইফুলের স্ত্রী শম্পাকে (২৬) পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার রাত ৮টার দিকে মিরপুরের মণিপুরি এলাকার ছয়তলা একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।
মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল বলেন, সাইফুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শম্পা স্থানীয় একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে তিনি এখনও কথা বলতে পারছেন না।
তিনি বলেন, শম্পা সুস্থ হলে তার সাথে কথা বলে জানা যাবে কী ঘটেছিল। তখন আমরা বিস্তারিত জানাবো।
জানা যায়, মৃত সাইফুল ইসলামী চক্ষু হাসপাতালে কাজ করতেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





