বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন। তিনি গত বছরের অক্টোবরে উপজেলার শিয়া মসজিদে হামলার ঘটনায় জড়িত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী লোহার ব্রিজ এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা, পাঁচটি হাতবোমা, দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি সার্কেল) গাজিউর রহমান জানান, নিহত কাওছার গত বছরের বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকার মসজিদ-ই-আল মোস্তফা নামের একটি শিয়া মসজিদে মুসুল্লিদের ওপর সরাসরি গুলি হামলায় জড়িত।
পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম কাউসার (২৫)। তাঁর বাবার নাম আমির আলী। বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এসএম





