বরিশালে ঢাকা-কুয়াকাটা রুটের বরিশাল-ঝালকাঠী জেলার মধ্যবর্তী খয়রাবাদ নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় আবদুল্লাহ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ওই বাসের এক যাত্রী ইমরান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭৮১৮) ৫২ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে কুয়াকাটার উদেশ্যে ছেড়ে আসে। রাত ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাস টর্মিনালে এসে কিছু যাত্রী নামিয়ে দেয়।

এরপর রাত একটার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া খয়রাবাদ ব্রিজ এলাকায় আসলে চলন্ত অবস্থায় একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তিনি আরো জানান, এর একটি বোমা গ্লাস ভেঙ্গে বাসের ভেতরে পড়লে আগুন জ্বলে ওঠে। এ সময় যাত্রীরা সবাই দরজা-জানালা দিয়ে নেমে যায়। এতে রেশমা বেগম, হাবিবুর রহমান, ইমরান, স্বপন, জসীম, ইসমাইল, মুক্তা, ও মো. আলিসহ ১০ যাত্রী আহত হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এস আই গোলাম কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট এসে বাসের আগুন নেভায়। তবে বাসটি ততক্ষণে প্রায় ভস্মীভূত হয়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি রাতে একই জায়গায় সাকুরা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এতে সেই বাসটিও পুরোপুরি ভস্মীভূত হয়।

ইআর