নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চামড়া ছিনিয়ে নেওয়ার সময় অস্ত্রসহ ৭জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে শহরের আল্লামা ইকবাল রোড, কলেজ রোড ও গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটককৃতরা হলো, তাইজুল ইসলাম জুয়েল, রাজিব, সজীব, শুভ, ইয়াছিন আরাফাত, আহম্মদ আলী ও আল আমিন মিয়া। এরা সবাই কলেজ রোড, গলাচিপা ও চাষাঢ়া বালুর মাঠ এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, শুক্রবার রাতে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে চামড়া ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে র‌্যাবের একটি দল ওই সব এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করে।

র‌্যাব সদস্যরা তাদের তল্লাশি করে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানানোহয়।

এসএইচ