গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহারুল খন্দকার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বুধবার সকাল ১১টার দিকে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহারুল খন্দকার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের বাবু খন্দকার ওরফে বাবু ফকীরের ছেলে।

এলাকাবাসী জানান, মহিপুর বাজার গ্রামের রমজান আলীর সঙ্গে ইসমাইল হোসেনের দুই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রমজান আলী ভাড়াটে লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। খবর পেয়ে ইসমাইল হোসেন তার লোকজন নিয়ে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাহরুল খন্দকারসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহারুল খন্দকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কেএইচ