ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এ কারণে প্রায় দুই ঘণ্টা এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ছিল। ওমান থেকে আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের উদ্দেশে আসা এ উড়োজাহাজটির পেছনের বাম দিকের চাকা উড্ডয়নের পরই ফেটে যায় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর পৌনে পাঁচটার দিকে ওমানের মাসকট থেকে উড্ডয়ন করে (টেক অফ) চট্টগ্রামগামী বিমানের এই উড়োজাহাজ। এ সময় উড়োজাহাজটির একটি চাকা ফেটে যায়। ফাটা চাকা নিয়েই পাঁচ ঘণ্টার বেশি সময় উড়ে বিমানটি ঢাকায় আসে। এ কারণে বোয়িং মডেলের উড়োজাহাজটি আজ সকাল ১০টা ৭ মিনিটে সরাসরি ঢাকায় জরুরি অবতরণ করে। দুই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে ফ্লাইটের ওঠা-নামা শুরু হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসকট থেকে উড্ডয়নের পরেই বিমানটির পেছনের বাঁ দিকের একটি চাকা ফেটে যায়। এ কারণে বিমানটি সরাসরি ঢাকায় অবতরণ করে।
চাকা ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ
অবতরণের পর উড়োজাহাজের দেড় শতাধিক যাত্রীকে নিরাপদে সারিয়ে নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২২ বাংলাদেশ সময় ভোর চারটা ৪৮ মিনিটে মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি টেক অফের পর মাসকট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, তা সম্ভবত বিমানের ফ্লাইটটির হতে পারে। এ অবস্থায় ফ্লাইটের ক্যাপ্টেন অধিকতর নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় ১০টা ০৭ মিনিটে নিরাপদে অবতরণ করেন। এ সময় ঢাকায় জরুরি অবতরণের জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ল্যান্ডিংয়ের পূর্বে ফ্লাইটটি রানওয়ের ওপর দুবার লো-লেভেল ফ্লাই করে, তখন লক্ষ করা যায়, উড়োজাহাজের পেছনের বাঁ দিকে ২ নম্বর টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাকিল মেরাজ বলেন, যাত্রীদের সরিয়ে নেওয়ার উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করা হয়। এ ছাড়া দুপুর সাড়ে ১২টার পর বিমানবন্দরে আবারও ফ্লাইটের ওঠা-নামা শুরু হয়।
জারিফ





