চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামে ১৮ দিনের শিশুপুত্রকে মায়ের কোল থেকে কেবা কারা চুরি করে বাড়ির পাশের ডোবার পানিতে ফেলে হত্যা করেছে। শিশুটি হরিশপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
ঘটনাটি শুক্রবার রাতে ঘটলেও লাশ পাওয়া গেছে শনিবার দুপুরে।
আশরাফুল ইসলাম ও তার স্ত্রী সনিয়া খাতুন জানান, প্রতিদিনের মতো তাদের ১৮ দিন বয়সী ছেলেকে (যার নামও রাখা হয়নি) নিয়ে শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সনিয়া তার সন্তানকে পাশে না পেয়ে রাত থেকেই খুঁজতে থাকেন। এর পর শনিবার দুপুরে বাড়ি থেকে দেড়শ’গজ দূরে বাঁশঝাড়ের নিচে ছোট্ট একটি ডোবার পানিতে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে বেগমপুর আইসিতে খবর দিলে আইসি ইনচার্জ এস আই শফি শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে শিশুটির বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।
কেএইচ





