গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীসহ গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ১০ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেএইচ





